
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবারের সাথে বেড়াতে এসে জয় মারমা নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শৈবাল পয়েন্ট থেকে শিশুটি নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুর পিতা ঞুমংফ্রু বলেন, বান্দরবান সদর থেকে তাঁর ৩ বছরের ছেলে জয় মারমাসহ পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে বর্ষা উৎসবে যোগ দিতে সৈকতের শৈবাল পয়েন্টে যান তাঁরা। পরিবারের সাথেই ছিল জয় মারমা। বিকাল ৪টার পর থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও জয় মারমার কোন হদিস মেলেনি।
মা বুমে মারমা জানান, তাঁর গায়ে একটি লাল জামা ও পেন্ট ছিল। সোনালি রঙের চুল ও চোখ বাদামি। কেউ তাঁর আদরের সন্তানের সন্ধান পেয়ে থাকলে দ্রুত ০১৮৭১২৮৮০৭৮ ও ০১৮৫৮৪৮৭১৫৪ মুঠোফোনে জানানোর অনুরোধ করেন তিনি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, শিশুটির সন্ধানে একাধিক টিম নিয়ে আন্তরিকভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।













