
মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় কিঙ্করশ্বরী ঘোষ (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বৃদ্ধা কিঙ্করশ্বরী ঘোষ ওই এলাকার বড়ছড়া গ্রামের মৃত রতন ঘোষের স্ত্রী।
আহত সনজিত ঘোষ মুঠোফোনে সিভয়েসকে জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার কপিল ঘোষ, অপু ঘোষ, জুয়েল ঘোষ সহ ৭/৮ জন লোক গভীর রাতে আমার বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরে ঢুকে আমাকে কুপিয়ে এবং আমার মা কিঙ্করশ্বরী ঘোষকে কিল, লাথি, ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে আমার মা মারা যান।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ১৪ আগস্ট দিবাগত রাত দেড়টায় কিঙ্করশ্বরী ঘোষ ও সনজিত ঘোষ নামে দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত ডাক্তার কিঙ্করশ্বরী ঘোষ মৃত ঘোষণা করেন এবং সনজিত ঘোষের অবস্থা গুরুতর (মাথা ও বাম হাতের আঙ্গুলে কাটা) হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আশেক ইলাহী জানান, উভয়পক্ষ পরস্পর আত্মীয়। জমি নিয়ে বিরোধের সূত্র ধরে মারামারির ঘটনা ঘটে। সেখানে বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো এজাহার জমা দেয়নি স্বজনরা।













