
সিভয়েস:
কক্সবাজারে স্কুলশিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পিএমখালী ও বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), বেলাল ও মোস্তাক।
বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ।
তিনি জানান, কক্সবাজার স্কুল শিক্ষিকা ধর্ষণ মামলার প্রধান আসামি বেদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আজ বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় র্যাব-১৫ এর সদর দফতরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে আত্মীয়ের মেহেদী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক স্কুল শিক্ষিকা। তবে সোমবার (২২ আগস্ট) রাতে এ বিষয়ে মামলা নেয় পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন ওই স্কুল শিক্ষিকা। সেখানে পরিচয় হয় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) নামের একজনের সাথে। এসময় কিছুক্ষণ কথাও বলেন তারা। পরে কথা হয় আরও অজ্ঞাতনামা ৩/৪ জনের সাথে।
পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইক (টমটম) যোগে স্কুল শিক্ষিকা নিজ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গতিরোধ করে বেদার ও তার সহযোগীরা। এক পর্যায়ে ওই নারীকে টেনে তাদের ইজিবাইকে তুলে নেয়। তারপর দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদারসহ তিনজনে পালাক্রমে ধর্ষণ করে। তখন তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তারা পালিয়ে যায়।













