
মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে জিয়াউর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ওই মাদ্রাসার শিক্ষক।
বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুর ১ টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা বালিকা মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান ওই গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এবাদুল্লাহ, নেছার, মোস্তাকসহ ৮/১০ জন অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসা শিক্ষক জিয়াউর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী রহিমা বেগমকেও কুপিয়ে জখম করে তারা। রহিমা বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।













