
সিবিকে ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর হাতে মারধরের শিকার হয়ে পারভীন আকতার (২১) নামের এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী সোহেলকে (২৭) আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় চকরিয়ার খুটাখালি ইউনিয়নের বাজারের পাশে শুক্কুর ড্রাইভারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পারভীন আক্তারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
নিহত গৃহবধূ চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে এবং ঘাতক স্বামী মোহাম্মদ সোহেল কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন- পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে পারভীন আকতারকে মারধর করে তারই স্বামী মোহাম্মদ সোহেল। আহত অবস্থায় পারভীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি দেয়া হয়। পরে শনিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়৷
পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক স্বামী সোহেলকে আটক করে পুলিশে দেয়।
এই বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন- এলাকাবাসী সোহেলকে আটক করে পুলিশে দেয়। তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।













