
মহেশখালী প্রতিনিধি:
ছোট ভাইয়ের মোবাইল চুরির জেরে শ্যালকের হাতের কব্জি কেটে দিয়েছেন তার ভগ্নিপতি। শনিবার (৮ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মুহাম্মদ শাকিল (২৪)। তিনি ওই গ্রামের মুহাম্মদ রশিদের ছেলে।
এলাকাবাসীরা জানিয়েছেন, বুধবার রাতে ভগ্নিপতি ফেরদৌসের ছোট ভাই সাগরের মোবাইল চুরির ঘটনা ঘটে। সেদিন তার ট্রলার শ্রমিকদের ডাকতে ওই এলাকায় যান তার শ্যালক মুহাম্মদ শাকিল। সেখানে শাকিলকে দেখে চোর সন্দেহ করে। পরের দিন এনিয়ে স্থানীয় কৃষি ও সমবায় সমিতির অফিসে তার বিচার হলে বিচারে শাকিল নির্দোষ প্রমাণিত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয়রা বলছে, এ ঘটনার জের ধরে পশ্চিম ছামিরা ঘোনা পান বাজার সংলগ্ন খালের পাড়ে শাকিল তার বোটে কাজ করতে গেলে একই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে ও আহত শাকিলের দুলাভাই ফেরদৌস, গিয়াস উদ্দিন, সালাহউদ্দিন, আশেক ও সাগরসহ ৭/৮ জনের একটি স্বশস্ত্র দল বোটে প্রবেশ করে শাকিলকে পিটিয়ে জখম করে। পরে বাম হাতের কব্জি বরাবর কেটে নেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেন।
আহত যুবকের চাচাতো ভাই আবদুল আজিজ জানান, তার ভাইয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তারা চট্টগ্রামের পথে আছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আবদুর রাজ্জাক জানান- এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। ঘটনা শুনার পই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।













