সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃ*ত্যু

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে হোটেল মোটেল জোনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও এক শ্রমিককে সদর হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার ঝিলংজার জেলগেট এলাকার আবদুল মোনাফের ছেলে নূরুল হুদা (২৫)  ও শহরের সমিতি পাড়া এলাকার আবুল হাশেম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পাহাড়তলির আবুল হোসেনের মাধ্যমে একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। প্রথমে একজন ট্যাংকের ভেতরে প্রবেশ করলে সে বিষক্রিয়ায় আহত হয়ে পড়ে। তাকে উদ্ধারের জন্য আরো দুইজন প্রবেশ করলে তারাও আহত হয়ে পড়ে। পরে ট্যাংকের উপরের ছাদ ভেঙে তিনজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  দুইজন মারা যায়।

নিহতদের স্বজনেরা অভিযোগ করেছেন, কাজের কন্ট্রাক্টর আবুল হোসেনের অবহেলায় এই ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন জানান, নিহত দুইজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেরামুতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত
পরেচট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল