
এম.এ আজিজ রাসেল :
শহরতলীর লিংকরোড মুহুরী পাড়ায় পাহাড় কেটে ঘর নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বুধবার বিকাল ৩টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে এই অভিযান চালায় বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার। এসময় পাহাড়ের পাদদেশে নির্মিত ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে বিকাল ৪টায় সৈকতের সুগন্ধা পয়েন্টেও অভিযান চালানো হয়। এসময় নীলিমা রিসোর্টের পয়োঃবর্জ্য সৈকতের বালিয়াড়ি ও সাগরে গিয়ে পরিবেশ দূষণ হওয়ায় এটি সিলগালা করে দেওয়া হয়। একই সাথে বন্ধ করে দেওয়া হয় বাতিলকৃত প্লটে চিয়ার্স রেস্টুরেন্টের নির্মাণাধীন অবৈধ স্থাপনা। এসময় পঁচা বাসি খাবার ও অপরিচ্ছন্ন রান্নাঘরের খাবার তৈরির অভিযোগে নীলিমা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও হাঁড়ি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সৈকতের সৌন্দর্য্য রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ জাকারিয়া।
এসময় সদর উপজেলার এ্যাসিল্যান্ড মো. জিল্লুর রহমান ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহসহ পরিবেশ অধিদপ্তর কক্সবাজার, স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।













