
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছে এক রোহিঙ্গা আসামি।
শনিবার বিকেলে রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হচ্ছিলো। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় পুলিশ সদস্যরা তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যায়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া আসামির নাম পাওয়া যায়নি। তবে তিনি রোহিঙ্গা। তাকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।













