
সিবিকে:
প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, রবিবার সকালে টেকনাফে এই বৈঠকে বিজিবির ১০ সদস্য এবং বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। বৈঠক শেষে বিকালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের নির্ধারিত স্থান কোথায় হবে তা জানাননি তিনি।
শেখ খালিদ আরও জানান, প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানোও হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে মর্মে তাদের একটি চিঠি পাই। এ নিয়ে রবিবার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।













