
সিবিকে ডেস্কঃ
বিএনপিকে আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না বলে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখন ছাড় দিচ্ছি। ডিসেম্বরে ছেড়ে দেব না। প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে হবে ফাইনাল খেলা, সে খেলা নির্বাচনের খেলা।’
আজ শনিবার (৫ নভেম্বর) রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ডিসেম্বরজুড়ে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। এই ডিসেম্বরে আন্দোলনের শেষ খেলা হবে, আর আগামী বছরের ডিসেম্বরে ফাইনাল খেলা হবে, সে খেলা নির্বাচনের খেলা।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছে। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
বিএনপির বরিশালের সমাবেশের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ওখানে (বরিশাল) ছয় জেলার লোক, আর এখানে (বাড্ডা) ছয় থানার লোক। তাতেই বরিশালের সমাবেশের চেয়ে বেশি জমায়েত হয়েছে।’
বিদেশিদের দিয়ে বিএনপি বিভিন্ন নালিশ দিচ্ছে জানিয়ে বলেন, বিএনপি খালি নালিশ করে, কিন্তু দেখেন কার সমাবেশ কত বড়, কার শক্তি বেশি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বলেন, ‘বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে-খুনিদের বিরুদ্ধে, ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনি ও মাস্টারমাইন্ডেদের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। মোকাবিলা হবে, আন্দোলন-নির্বাচনের খেলা হবে।’
তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করুন। আগামী বছর নির্বাচনের প্রস্তুতি নিন।













