
নিজস্ব প্রতিবেদক, রামু
কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান বলেছেন, খেলাধুলায় কক্সবাজার জেলা অনেক এগিয়ে গেছে। জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে কক্সবাজারের খেলোয়াড়রা নেতৃত্ব দেবে এবং সফল হবে। কক্সবাজারের খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েদের কাঁধে ভারী ব্যাগ তুলে দিবেন না। পড়ালেখার পাশাপাশি শিশুদের নিয়মিত খেলার মাঠে পাঠান।
গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবাল।
শনিবার কক্সবাজার জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী দিনে কারাতে, উশু এবং তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গত ২ জানয়ারী থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অনূর্ধ-১৭ বয়সের ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে ৩৫ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া ৭০ জন প্রতিযোগীকে পুরুস্কার দেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জসিম উদ্দিন, ডিএসএ যুগ্ন সম্পাদক ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিএসএ সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সদস্য প্রভাষক জসিম উদ্দিন, আমিনুল ইসলাম মুকুল, জেলা উশু এসোসিয়শনের সাধারণ সম্পাদক শেখ সেলিম, কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠ প্রমুখ।













