
মোঃ নুরুল হক সিকদার:
কক্সবাজারের উখিয়ায় রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী থেকে বটতলী পর্যন্ত ৮ কি.মি. রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার ৬ শতাধিক এলাকাবাসী অংশ নেন।
জানা যায়, রাস্তাটি সংস্কার কাজ শুরু হয় গত বছরের আগস্টের শুরুতে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে প্রায় ২ মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এ ৮ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৯ গ্রামের যাতায়াত, ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেড়েছে। সড়কের সংস্কার কাজ শুরু করে ইটের সুড়কি বালি কিছু অংশে ফেলে রাখা ও কিছু খোঁড়াখুঁড়ি করেছে, এতে করে ধুলাবালিতে স্থানীয় পথচারীরা ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি। সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করে। দীর্ঘ দিনে কাজ বন্ধ থাকায় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ফয়েজুল ইসলাম ফারিরবিল এম কিউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন, ফারিরবিল এম কিউ আলিম মাদ্রাসার সহকারী প্রধান মাওলানা নুরুল বশর, ফারিরবিল এম কিউ আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হুসাইন মোহাম্মদ জুলু সহ আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।












