
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা লিংকরোড এলাকা থেকে পরিবহণ খাতে চাঁদাবাজির অভিযোগে আইনজীবী সহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব- ১৫। ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টায় তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ ও চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহকৃত দশ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।
চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া চক্রের সদস্যরা যথাক্রমে লিংক রোডের বাসিন্দা তাহের আহমদ সিকদার, টেকনাফের গিয়াস উদ্দিন (৩৫), রামুর সুজন বড়ুয়া (৪২), লিংক রোডের ওবায়দুল করিম (৪০) ও উখিয়ার শাহজাহান (৪৮)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক হওয়া চাঁদাবাজ চক্রের সদস্যরা কক্সবাজার শহরের বিভিন্ন যাত্রীবাহী বাসের কাউন্টার থেকেও হুমকি-ধমকি দিয়ে দীর্ঘদিন ধরে এই চক্রটি চাঁদাবাজি করে আসছিলেন। তারা দেশের নানা প্রান্ত থেকে পর্যটন শহর কক্সবাজারে আসা প্রতিটি যানবাহন থেকে ১০০-)২০০ থেকে এক হাজার টাকারও বেশি টাকা আদায় করে আসছিলেন। চাঁদা না দিলে তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।’
শ্রমিক লীগ নেতা জহির হত্যা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আটক আইনজীবি তাহের সিকদার চাঁদাবাজ চক্রটি নতুন করে গড়ে তোলে নেমে পড়েন চাঁদাবাজিতে। তিনি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন থানায় আরো ৬টি মামলার আসামি। কক্সবাজারের শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম শামীম বাদি হয়ে এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।













