কক্সবাজারে ৪২ কোটি টাকার ই*য়াবা উদ্ধার, ৩ জনের যা*বজ্জীবন

0
16

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ৪২ কোটি মূল্যের ইয়াবা উদ্ধারের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের সাত লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, রায়ে তাদের মক্কেলরা সঠিক বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করবেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— জহিরুল ইসলাম প্রকাশ ফারুক (৩৭),  নুরুল আমিন প্রকাশ বাবু (৫৫) এবং আবুল কালাম (৫০)। তারা সকলেই কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছটা এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে কক্সবাজারের ডিবি পুলিশের (গোয়েন্দা বিভাগ) একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী-খুরুশকুল সংযোগ সেতুর উত্তরে ভারুয়াখালী খাল থেকে একটি কাঠের তৈরি বোট আটক করে। এসময় বোট থেকে জহুরুল ইসলাম প্রকাশ ফারুক ও নুরুল আমিন প্রকাশ বাবুকে গ্রেপ্তার করা হয় এবং রোহিঙ্গা সৈয়দ আলম পালিয়ে যায়। আসামিদের দেখানো মতে ওই বোট তল্লাশি করে ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ওই দিন বিকাল সাড়ে ৫টায় শহরের উত্তর নুনিয়া ছটার জহুরুল ইসলাম প্রকাশ ফারুক ও তার আত্মীয়ের বাড়ি থেকে ইয়াবা বিক্রির ২টি বস্তাভর্তি নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। ওই সময় আবুল কালাম এবং তার ছেলে শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় কক্সবাজারের ডিবি পুলিশের (গোয়েন্দা বিভাগ) ওসি শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কক্সবাজার সদর থানার এসআই এসএম শাকিল হাসান ২০২২ সালের ১২ ডিসেম্বর ৩২ জনকে সাক্ষী করে আমলী আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি মামলাটি বিচারের জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রবিবার চার্জ গঠন করা হয়। এতে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দিলীপ কুমার দর জানান, মামলাটি চার্জ গঠনের মাত্র ৫২ দিন পর বিচারের সকল ধাপ সম্পন্ন করে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে। আজ রায় ঘোষণার সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, রায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম প্রকাশ ফারুক ও নুরুল আমিন প্রকাশ বাবুকে ৫ লাখ টাকা এবং আবুল কালামকে ২ লাখ টাকা জরিমানা দেয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে আসামি আবুল কালামের ছেলেন শেখ আবদুল্লাহকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এছাড়া উদ্ধারকৃত ইয়াবা বিক্রির ২টি বস্তাভর্তি নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫শ’ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

আগেমহেশখালীতে চাচা হ*ত্যা মামলায় তিন ভাইপোকে যাবজ্জীবন কা*রাদন্ড 
পরেদুদকের চাকরিতে ফিরতে পারবে না শরীফ উদ্দিন