কক্সবাজার খবর ডেস্কঃ
ধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাংবাদিক বান্ধব। সব সময় সাংবাদিকদের খোঁজ-খবর রাখেন। তিনি সাংবাদিকদের বিষয়ে দল-মত বিবেচনা করেন না। সবাইকে একইভাবে দেখেন।
শনিবার (২০ জুলাই) রাতে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কক্সবাজারে লাখো কোটি টাকার উন্নয়নযজ্ঞ চলছে। এই উন্নয়নের অগ্রগতিতে সাংবাদিকদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আপনাদেরও (সাংবাদিক) নানা সমস্যা আছে। সেই সমস্যার কথা যাতে প্রধানমন্ত্রীকে সরাসরি বলতে পারেন সেজন্য গণভবনে সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আপনারা বুঝাতে পারলে নিশ্চয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য যা কিছু দরকার সবই করবেন।
ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, ইট-পাথরের উন্নয়ন কোন উন্নয়ন নয়। মানুষের মানবিক মূল্যবোধের উন্নয়নই হচ্ছে আসল উন্নয়ন। মনুষ্যত্ববোধ বা মানবিকতার উন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হবে না। তাই সম্প্রীতির উন্নয়নে সাংবাদিকদের সব সময় নিবেদিত থাকতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন চিত্র নায়ক ফেরদৌস, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম ও এড. আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবির।
কক্সবাজার রিপোর্ট











