কক্সবাজার খবর ডেস্কঃ
ঝিমিয়ে পড়া কক্সবাজার জেলা ছাত্রলীগকে গতিশীল করতে আগামি ২০ সেপ্টম্বর সম্মেলনের তারিখ ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী এ সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে যথা সময়ে সম্মেলন আয়োজনের জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ই ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পর ২০১৫ সালেল ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়। পরে ইমরুল হাসান রাশেদ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ন-সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম। গঠনতন্ত্রের ১০ ধারার (খ) উপ-ধারা মতে অনেক আগেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখও ঘোষনা করলেও রোহিঙ্গা ইস্যু, জাতীয় নির্বাচনসহ নানা সমস্যার কারণে যথা সময়ে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
সর্বশেষ জেলা ছাত্রলীগের সদস্য তারেকুল ইসলাম রাহিতের উপর নগ্ন হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি/সম্পাদকের কাছে একটি প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রিজুয়ানুল হক শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী গত ৯ জুন আগামী ৬০ কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষনার নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন।
এরপরও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মেলনের তারিখ নির্ধারণ করতে ব্যর্থ হওয়ায় আজ ৩০ জুলাই কেন্দ্র থেকে তারিখ ঘোষনা করেছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।












