কক্সবাজার খবর ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানাতে বিষাক্ত গ্যাসে ৩ জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হন। বুধবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শীতলপুরে ম্যাক কর্পোরেশন নামে পুরাতন জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- কুড়িগ্রামের ছবিদুল (৩৫) এবং পিরোজপুর জেলার মোহাম্মদ নান্টু (৪২) ও রাসেল মাতব্বর (২৫)।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাস জানান, সীতাকুন্ডের চৌধুরীঘাটার সোনাইছড়িতে গড়ে উঠা ম্যাক করপোরেশন নামের একটি শিপ ইয়ার্ডে নতুন আসা একটি জাহাজের ভেতরে মালামাল খুলতে গেলে বিষাক্ত গ্যাসে জ্ঞানহারান ছবিদুল হক। এ সময় ছবিদুল হককে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে যান।
পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে জ্ঞান হারনো বাকী ৪ জন এখন আশংকামুক্ত আছেন।












