কক্সবাজার খবর ডেস্কঃ
লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু মিনহাজকে অপহরণের পর মুক্তিপণ পরিবারের কাছ থেকে মুঠোফোনে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে সদর উপজেলার লাহারকান্দি গ্রামে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ও সদর থানার ওসি।শিশুটিকে উদ্ধার ও ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান। অপহৃত শিশু মিনহাজ লাহারকান্দি গ্রামের রাজমিস্ত্রী মো. মামুন হোসেনের ছেলে।
অপহৃতশিশু মিনহাজের স্বজনরা জানায়, স্থানীয় এলাহী বক্সের বাড়ীর নিজ ঘরে প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে রাজমিস্ত্রী মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ঘুম ভাঙ্গলে মা-বাবা দেখেন তাদের শিশুটি পাশে নেই। দো-চালা টিনসেড ঘরের দরজাটিও খোলা দেখতে পান। অনেক খোঁজ-খবর নিয়ে মিনহাজের সন্ধান পায়নি তারা।
মামুন হোসেন বলেন,এসময় কহিনুরের ব্যবহৃত মুঠোফোনও পাওয়া যায়নি। ভোর ৫টার দিকে ওই মুঠোফোনে শিশুর বাবা পার্শ্ববর্তী একজনের মুঠোফোন থেকে কল করেন। এসময় শিশুটিকে ছেড়ে দিতে ৫ লাখ টাকা মুক্তিপণ চাই অপহরনকারী।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন ,কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে দরজা খুলে ভেতরে প্রবেশের বিষয়টি দেখে মনে হচ্ছে তাদের জানাশোনা লোকজনই এ ঘটনায় জড়িত রয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টাসহ ঘটনার তদন্ত চলছে।













