কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার সদরের খরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে রামু উপজেলা প্রজন্মলীগের নেতা আনোয়ার হোসেন বাবলা (৩৫)কে ছুরিকাঘাত করেছে ঝিলংজা ইউনিয়নের সুকন নামের চিহ্নিত সন্ত্রাসী। চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ছে আহত বাবলা। সে রামুর মন্ডল পাড়া গ্রামের মৃত আবু তাহের পুত্র বলে জানা গেছে।
আহত বাবলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সভাপতি । এদিকে সুকন ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.আলমের ছোট ভাই।
প্রথমে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার (৭ আগস্ট) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহহ বাবলার ছোট ভাই মোঃ বাবু ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার বা্ইক যোগে ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানীর পশু কিনতে খরুলিয়া বাজারে গেলে সুকন ও তার বড় ভাই মোঃ আলম বাবলার বাইকের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই বাবলাকে তারা উপর্যুপরি মারধর শুরু করে কোরবানীর পশু কেনার নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তারা আরো জানান, এ সময় বাবলা চিৎকার শুরু করলে সুকন বাবলার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
বাবলার স্বজনরা জানান, কয়েকবছর আগে রামু উপজেলায় ঠিকাদারী কাজে অনিয়ম করায় আলমের সাথে বাবলার বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা যায়। এতে বাবলার ওপর ক্ষুদ্ধ হয়ে হুমকি ধমকি দেয়। আর এর জের ধরেই আলম ও তার ভাই সন্ত্রাসী সুকন বাবলাকে একা পেয়ে ছুরিকাঘাত করে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খরুলিয়ায় এক যুবককে ছুরিকাঘাতে বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।












