খালেদা জিয়ার এবারের ঈদও কাটবে কারাগারে

0
20

কক্সবাজার খবর ডেস্কঃ

ঈদের বাকি মাত্র একদিন। ঈদের আনন্দ স্বজনদের ভাগ করে নিতে প্রায় ক্ষমতাসীন দল, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

তবে দুর্নীতির দুই মামলায় দন্ডিত হয়ে প্রায় দেড় বছর ধরে বন্দী থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই ঈদও কাটবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। কারা হেফাজতে এ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি। জেলে যাওয়ার পর টানা চতুর্থ ঈদ পার হতে চললেও তাঁর দুই ঈদ কেটেছে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের কক্ষে। অসুস্থ হয়ে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তির পর সাবেক এই প্রধানমন্ত্রী গত ঈদুল ফিতর কাটিয়েছেন বিএসএমএমইউতেই।

প্রতিবছর খালেদা জিয়া রাজনীতিবিদ, দেশের সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশি কূটনীতিকসহ সর্বসাধারণের সঙ্গে যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন, গতবারের মতো এবারও হচ্ছে না সে আয়োজন।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দলের সিনিয়র নেতারা প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে বনানীতে খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন নেতারা।

পরে অনুমতি পেলে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিএনপির সিনিয়র নেতাদের।

এ ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও নাতনি জাহিয়া রহমানসহ স্বজনরাও বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, প্রিয় নেত্রী খালেদা জিয়া কারাগারে থাকায় আমাদের এবারের ঈদও নিরানন্দের। কেন্দ্র থেকে তৃণমূল- কারও মনে কোনো আনন্দ নেই। ঈদের দিন ঢাকায় এবারও দলের কোনো কর্মসূচি নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত রমজানের ঈদেও তিনি হাসপাতালে ছিলেন। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। সেই থেকে বেগম জিয়া হাসপাতালে অবস্থান করছেন।সুত্রঃ ‍যুগান্তর

আগেচকরিয়ায় অপহৃত ছাত্রী ১০ঘন্টা পর উদ্ধার : আটক-১
পরেআজ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা