কক্সবাজার খবর ডেস্কঃ
প্রায় ৫০ বছর আগের একটি স্মৃতি নিয়ে কক্সবাজারের রামুতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। রামুর রাবার বাগানের রেস্টহাউসে যে চেয়ারটিতে বঙ্গবন্ধু সাময়িক সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন বৃহস্পতিবার তা জনসাধারণকে দেখানোর জন্য শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে আনা হয়।
চেয়ারটি রাবার বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছে। তবে বঙ্গবন্ধু কোন সময়ে রাবার বাগানটির রেস্টহাউসে বিশ্রাম নিয়েছিলেন তার সঠিক দিনক্ষণ সংরক্ষিত নেই। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন পরিচালিত রাবার বাগানটির ইনচার্জ আবছার মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করেছি পুরনো নথিপত্রে। কিন্তু বঙ্গবন্ধুর বিশ্রাম নেওয়ার দিন-তারিখ কোথাও লেখা পাইনি। তবে আমি শুনেছি ১৯৬৯ অথবা ১৯৭০ সালের দিকে কোনো একসময়ে তিনি এসেছিলেন।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু সেই সময় গণসংযোগ করছিলেন। কক্সবাজারে কর্মসূচি সেরে চট্টগ্রাম ফিরে যাওয়ার পথে এই চেয়ারে বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। বন শিল্প উন্নয়ন করপোরেশন কর্তৃপক্ষ আগামী বছর মুজিব বর্ষে এই চেয়ারটি নিয়ে রামুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।’













