কক্সবাজার খবর ডেস্কঃ
নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় গভীর রাতে সদ্যপ্রসূত নবজাতক কন্যা শিশুকে কয়েকটি কুকুর মিলে টানাটানি করতে দেখে এগিয়ে আসলেন দায়িত্বরত টহল পুলিশ এসআই মোস্তাফিজুর রহমান। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে আগ্রাবাদ এলাকায় টহল ডিউটি করার সময় বাদামতলী ক্রসিং থেকে ২০ গজ উত্তর দিকে সোনালী ব্যাংকের সামনে ফুটপাতের উপর কয়েকটি কুকুরকে ভোর ৫টার সময় কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখি। টানাটানি করার বস্তুটি কি তা দেখার জন্য কৌতুহলী আমি এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখি সদ্যপ্রসূত এক জীবন্ত নবজাতককন্যা শিশুকে কুকুরগুলো খাওয়ার জন্য টানাটানি করেছে। পরে কুকুরদের তাড়িয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক নবজাতকের মায়ের সন্ধান করতে আবারো আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় খোঁজে দেখি। পরে মোড়ের জনতা ব্যাংকের সামনে মানসিক ভারসাম্যহীন নবজাতকের মায়ের সন্ধান পায়। অতপর মা এবং নবজাতকের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও নবজাতক শিশু চমেক হাসপাতালের মানসিক ভারসাম্যহীন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে প্রায় আগ্রাবাদ এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। তার কোনো নির্দিষ্ট জায়গা না থাকার কারণে ভাসমান অবস্থায় ফুটপাতে রাত যাপন করতো।












