কক্সবাজার খবর ডেস্কঃ
একজনের পরিবর্তে আরেকজন আসামি সেজে আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে আদালতে ধরা খেয়েছেন নকল আসামি। এ ঘটনায় নকল আসামির পক্ষে জামিনের দরখাস্ত দেওয়া আইনজীবী রেহেনা আক্তারকে শোকজ করা হয়েছে ।
ধরা খাওয়া নকল আসামি হলো ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চর শ্রিরামপুর এলাকার হাশিম উদ্দিনের ছেলে আরশাদ মিয়া।
মঙ্গলবার (২০ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে এ ঘটনা ঘটে।
ওই মামলার মূল আসামি হলেন- ঢাকার গুলশান-২ আবাসিক এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
আরশাদ মিয়া আদালতে বিচারাধীন একটি সিআর মামলার মূল আসামি এ আর সাগর চৌধুরী সেজে আত্মসমর্পণ করে জামিন চাইতে এসেছিলেন বলে জানান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী মো. ওসমান গনি।
তিনি বলেন, আসামির পক্ষে জামিনের দরখাস্ত দেওয়া আইনজীবী রেহেনা আক্তারকে আগামি সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলেছেন আদালত।
এ ঘটনায় আরশাদ মিয়ার নামে আদালতে মামলা দায়ের করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওসমান গনি।
আদালত সূত্রে জানা যায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে বিচারাধীন একটি সিআর মামলার আসামি এ আর সাগর চৌধুরী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় এ আর সাগর চৌধুরীর পরিচয় নিয়ে আদালতের বিচারক মো. শফি উদ্দিনের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন তিনি এ আর সাগর চৌধুরী নন। তিনি আরশাদ মিয়া। টাকার বিনিময়ে এ আর সাগর চৌধুরী সেজে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।











