নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁওর চাঁন্দেরঘোনা খালের উপর একটি ব্রিজের অভাবে যাতায়াতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর অত্র এলাকার জনগণ চাঁন্দেরঘোনা পূর্বপাড়া (অছিন্যা মুরা) যাওয়ার একমাত্র রাস্তায় খালের উপর ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও তা উপেক্ষিত রয়ে গেছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। শুকনো মৌসুমে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো দিয়ে পারাপার করলেও ও বর্ষা মৌসুমে ঢলের পাণিতে ভেসে যায় সাঁকোটি। ফলে দূর্ভোগ পোহাতে হয় স্কুল-কলেজ ও বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীসহ এখানকার লোকজনদেরকে।
এদিকে এক কিলোমিটারের মত রাস্তা ঘুরে কোনাপাড়া দিয়ে যাওয়ার রাস্তাটি সুইচ গেইট এলাকায় ঢলের পানিতে দীর্ঘদিন ভাঙ্গা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে এগিয়ে আসেনি কেউ। যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে ঈদগাঁও বাজারে আসতে হচ্ছে এলাকাবাসীকে।
উক্ত স্থানে ব্রিজ নির্মাণ হলে পুরো এলাকার অসংখ্য মানুষের চলাচলের সুবিধা হতো। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অত্র এলাকার কৃষকদের উৎপাদিত শাক-সবজি ও কৃষিপণ্য সহজে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের সুবিধা হতো।
জানা যায়, ইতিপূর্বে কাঠের সাঁকো দিয়ে পারাপারের সময় ছাত্র-ছাত্রীদের নানা দুর্ঘটনা ঘটেছে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবী অচিরেই এই ব্রিজটি নির্মাণ করা হউক।
তবে পথচারীদের মতে,সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে প্রত্যন্ত অঞ্চলের এই ব্রিজটি করা একান্ত প্রয়োজন। চাঁন্দেরঘোনা খালের উপর একটি ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মুহসিন ফোন রিসিভ না করায় মহিলা সদস্যের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।













