কক্সবাজার খবর ডেস্কঃ
ট্রাক থেকে একদফা চাঁদা আদায় করেছে পুলিশ। আবারও চাঁদা দাবি করলে পালাতে চেষ্টা করে ট্রাক চালক। ফলে তাড়াহুড়ো করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুজন।
ট্রাক চালকের দাবি, ট্রাক থামিয়ে প্রথমে ৩ হাজার টাকা চাঁদা নেয় পুলিশ। পরে আবারও টাকা চাইলে পালানোর সময় এমনটা ঘটে। পুলিশ চাঁদাবাজির ঘটনা অস্বীকার করে বলছেন,
চাঁদাবাজি নয় ট্রাকের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ট্রাক চালকের বক্তব্যের সত্যতা মিলেছে।
শুক্রবার(২৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে কাপ্তাই রাস্তার মাথার ধোপপুল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত দুজন হলেন ব্যাটারি গলির আবেদ আলীর ছেলে মো. আনিছ (৩৩) ও কুয়াইশ বড় পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে সুমন (২২)।
রুবেল নামে এক প্রত্যক্ষদর্শী সিভয়েসকে জানান, ওই এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার তাড়া খেয়ে পালানোর চেষ্টা করে ট্রাকটি। এ সময় বেপরোয়া গতিতে সামনে থাকা সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মোটর সাইকেল আরোহীসহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করেছে জনতা। ট্রাক ড্রাইভার জানিয়েছে তিন হাজার টাকা চাঁদা দেওয়ার পর আরো চাঁদার জন্য তাড়া করায় সে পালানোর চেষ্টা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
রুবেল আরও জানান, ট্রাক ড্রাইভারকে তাড়া করা ওই পুলিশ সদস্যকেও আটকে রেখেছিল স্থানীয়রা। পরে পুলিশের অন্যান্য সদস্যরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ঐ পুলিশ সদস্যের নাম জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর জানান, বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে একটি সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ২ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তাড়া করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি স্পটে এসে নগর পুলিশের সদস্যদের দেখেছি। কিন্তু এটাতো নগরের এরিয়া না। উনারা কেন এসেছেন তা আমি বলতে পারবো না। আর তাড়া করার বিষয়টা স্থানীয়রা বলতে পারবে।
ট্রাকটি কোন দিক থেকে আসছিল জানতে চাইলে তিনি বলেন, ট্রাকটি উত্তর দিক থেকে আসছিল। ধারণা করছি অক্সিজেনের দিক থেকে ট্রাকটি আসছিল। তবে আমি এ বিষয়ে এখনও নিশ্চিত নই।
পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ট্রাক চাপায় গুরুতর আহত অবস্থায় আনিস ও সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আনিছকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সুত্রঃ সিভয়েস











