জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী) আদালত-৩ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯জুলাই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ মার্কেটের ভাড়াটিয়া শামসুল আলম বাদী হয়ে আদালতে একটি ফৌজদারী মামলা করেন। বৃহস্পতিবার মামলার ধার্য্য তারিখে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোহাম্মদ হাসান উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামীদের জামিন নামঞ্জুর করেন। তারা হলেন- ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি সচিব ছৈয়দ আলম ও ইউছুপ খান। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি উবাথোয়াই মার্মা। এদিকে আসামীপক্ষের আইনজীবিগণ জানান- মিথ্যা ও ষড়যন্ত্র মূলক করা মামলাটি জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য জানান- ইউনিয়ন পরিষদ সরকারী সম্পদ। কিন্তু পরিষদ থেকে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত শর্তভঙ্গ করে আসছিল মামলার বাদী। একাধিকবার দোকান ভাড়াটিয়াকে সরকারী সম্পদ শর্তনুযায়ী চালানোর জন্য বলা হয়। দোকান ভাড়াটিয়া তা না করে নানা রকম ষড়যন্ত্র করে অাসছিল। এদিকে বাদী কর্তৃক দায়েরকৃত উদ্দেশ্যপ্রনোদিত মামলা থেকে চেয়ারম্যানের মুক্তি দাবী জানিয়েছেন বিভিন্ন মহল। বৃহস্পতিবার তাৎক্ষনিক বিবৃতি জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদের সকল নারী ও পুরুষ মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ।













