চট্টগ্রামে এমপির প্রতিষ্ঠানে গাড়িচালককে গুলি করে হত্যা

0
53

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টোল রোডের মুখে কালু শাহ মাজারের পাশে ‘দিদারুল আলম ব্রাদার্স’ নামে একটি ডিপোতে মো: শাহজাহান সাজু (৪৮) নামে এক প্রাইম মুভার চালককে গুলি করে হত্যা করা হয়েছে।

ওই চালক চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন ডিপোতে প্রাইম মুভার চালাতেন। খুন হওয়া গাড়িচালক সাজু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মৃত নুরু মিয়ার ছেলে।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গুলির এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা গনমাধ্যমকে বলেন, ‘সংসদ সদস্যের প্রতিষ্ঠানের ভেতরে হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে আমরা নিশ্চিত নই। এর সঙ্গে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত কি না, সেই তথ্যও এখনো আমরা কনফার্ম করতে পারিনি।’

তবে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম তার প্রতিষ্ঠানের ভেতরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, ড্রাইভারদের নিজেদের মধ্যেকার বিরোধে একজন খুন হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

এদিকে চালক হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইমওভার টেইলার এসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন জানান, রাতে সংগঠনের এক জরুরী সভা থেকে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শেখ শামিম বলেন, ড্রাইভার সাজুকে কে বা কারা কি কারনে গুলি করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তিনি জানান, এমপি দিদার সাহেবের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ড্যাবের অফিসে এই গুলির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গাড়ির জন্য ব্যাটারি নিতে ডিপোতে যান সাজু। এসময় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আল আমমিন হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সাজু মারা গেছেন বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক মো. হামিদুর রহমান।

আগেবন্ধুর স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হত্যার শিকার ফাহিম
পরেমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়ীক অংশীদার ভারতীয় ব্যবসায়ী চুরির দায়ে বিমানবন্দরে গ্রেফতার!