বান্দরবানে প্রতিবন্ধী ছেলের বৈঠার আঘাতে নিখোঁজ পিতা আব্দুল মাজেদের (৭০) লাশ সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাঙ্গিপাড়া এলাকাস্থ সাঙ্গু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (৪ সেপ্টেম্বর) বান্দরবান সদরের লাঙ্গীপাড়া এলাকায় প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ জসিমের হাতে থাকা নৌকার বৈঠার আঘাতে আহত হয়ে পিতা আব্দুল মাজেদ সাঙ্গু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয়রা এবং দমকল বাহিনীর লোকজনেরা খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিখোঁজ আব্দুল মাজেদের লাশ উদ্ধার করে সাঙ্গু নদী থেকে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রাতে দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ জসিমের বৈঠার আঘাতে তার বাবা আবদুল মাজেদ গুরুতর আহত হয়ে সাঙ্গু নদীতে ডুবে যান। বৃহস্পতিবার সাঙ্গু নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ জসিমকে আটক করে পুলিশের হাতে দিয়েছে।











