অবৈধভাবে মোবাইল সিম নিবন্ধন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

0
19

গ্রাহকের গোপন তথ্য ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে মোবাইল অপারেটরের সিম নিবন্ধনের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। জালিয়াতির শিকার কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চার জন হলেন- ফেরদৌস সরোয়ার রবিন (১৮), মিনহাজুল ইসলাম (২৩), মিশু আহমেদ (৩০) ও জাবেদ ইকবাল (৩০)।
বাকলিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, রবিন মোবাইল অপারেটর রবি কোম্পানির পরিবেশক এ কে খান টেলিকম লিমিটেডের বিক্রয় প্রতিনিধি। বাকলিয়ার বলিরহাট এলাকার মুদি দোকানদার মুহাম্মদ ইসমাইল গত মার্চে তার কাছ থেকে বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন করে একটি সিম নিয়েছিলেন। এরপর বিভিন্ন অজুহাতে রবিন আরও কয়েকবার ইসমাইলের হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে।
পুলিশ কর্মকর্তা নেজাম জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ইসমাইল রবিনের কাছ থেকে আরেকটি সিম কিনতে গিয়ে জানতে পারেন, তার নামে আরও ৩০টি সিম নিবন্ধিত আছে। ইসমাইল বিষয়টি পুলিশকে জানালে রবিনকে আটক করা হয়। তার কাছে বিভিন্ন জনের নামে নিবন্ধিত ১৩টি সিম উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে এ চক্রের আরও কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেন তিনি। পরে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন জনের নামে নিবন্ধিত ৩১টি সিম, সিম নিবন্ধনে ব্যবহৃত একটি নোটপ্যাড, ফিঙ্গারফ্রিন্ট নেওয়ার একটি ক্যাবল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

 

আগেউখিয়ার মেয়ে রিফা এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল খেলতে থাইল্যান্ড পৌঁছেছে ।
পরেপ্রতিবন্ধী ছেলের বৈঠার আঘাতে সাঙ্গু নদীতে নিখোঁজ পিতার লাশ উদ্ধার