চট্টগ্রামের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসার পর শফিউল হাইর (২৪) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে তাকে আটক করা হয়। পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু সাঈদ এ তথ্য জানিয়েছেন।
পাসপোর্ট আবেদনের সঙ্গে শফিউল জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তার সনদও জমা দিয়েছেন বলে আবু সাইদ জানান। আবেদনে শফিউল ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুরের ঠিকানা ব্যবহার করেন। আবেদনপত্রে বাবার নাম বজলুর রহমান ও মায়ের নাম মাহমুদা খাতুন উল্লেখ করেন তিনি।
আবু সাঈদ বলেন, ‘আবেদন জমা দিতে বৃহস্পতিবার পাসপোর্ট অফিসে এসেছিলেন শফিউল। এ সময় তার কথাবার্তা, আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।’
তিনি আরও বলেন, ‘শফিউল জানিয়েছে, তার বাড়ি মিয়ানমারের বালিবাজারে। ২০১৪ সালে মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের পাঁচজন বাংলাদেশে চলে এসে তারা প্রথমে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। পরে সেখান থেকে পরে তারা ফটিকছড়ির আবদুল্লাহপুরে চলে আসে।’ শফিউলকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।