প্রত্যাবাসন: রোহিঙ্গাদের ফের সাক্ষাৎকার শুরু

0
40

টেকনাফের শালবাগান শিবিরে ফের রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু হয়েছে। ১৩ দিন বন্ধের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হয়। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের মত মতামত নিবেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) প্রতিনিধিদের কাছে তাদের মতামত জানিয়েছেন ৩৩ রোহিঙ্গা পরিবার।

আরআরআরসির প্রতিনিধি, জাদিমুরা ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গারা ফের মতামত জানিয়েছেন। তাদের মতামত একটি ফরমে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তালিকায় নাম থাকা সব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে।’

এর আগে (২০ থেকে ২২ আগস্ট), প্রত্যাবাসনের তালিকাভুক্ত ৩৩৯টি রোহিঙ্গা পরিবার সাক্ষাৎকার দিয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩ হাজার ৫৪০টি পরিবারের প্রত্যাবাসন হওয়ার কথা থাকলেও গত ২২ আগস্ট নির্ধারিত তারিখে রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয় বারের মতো স্থগিত হয়ে যায়। প্রত্যাবাসনের তালিকাভুক্তদের মধ্যে শুধু শালবাগান রোহিঙ্গা শিবিরে ৯৩৩ পরিবারের ৩ হাজার ৪৫০ জনের নাম রয়েছে।

প্রথম দফার সাক্ষাৎকারে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপত্তা এবং গণহত্যাকারীদের বিচার চেয়েছে। একই সঙ্গে নিজেদের ফেলে আসা সম্পত্তির অধিকার এবং ক্ষতিপূরণও চায় তারা। এবার তাদের কণ্ঠে একই সুর পাওয়া গেছে।

সাক্ষাৎকার দিয়ে বের হয়ে মমতাজ বেগম (২৬) জানায়,, ‘‘আমার কাছে জানতে চাওয়া হয়েছে মিয়ানমারে যাব কিনা? জবাবে ‘না’ বলেছি। কারণ হিসেবে ফেলে আসা সহায়-সম্বল, নাগরিকত্ব ও গণহত্যার বিচারের কথা বলেছি।’

মমতাজ আরও জানায়, প্রত্যাবাসনের তালিকায় নিজের নাম থাকলেও তার স্বামী ও সন্তানের নাম নেই।

প্রত্যাবাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘শালবাগান রোহিঙ্গা শিবির ছাড়াও নতুন করে আগামী সপ্তাহে লেদা রোহিঙ্গার শিবিরে ২৪ ও ২৫ নম্বার ক্যাম্পে সাক্ষাৎকার নেওয়া হবে। তবে যেসব রোহিঙ্গারা সাক্ষাৎকার দিয়ে, তাদের মধ্যে কেউ শর্তবিহীন মিয়ানমারে ফিরতে রাজি হয়নি।’

আগেনাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় জেলে নিখোঁজ
পরে২৩ বছরেও জানা যায়নি সালমান শাহর মৃত্যু রহস্য