এবার সাগরে লাইটার জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার

0
19

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হওয়া ১৪ নাবিককে উদ্ধার করেছে নৌ-বাহিনী।

তবে ডুবে যাওয়া জাহাজটির সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার জাহাজটির নাম এমভি আরগো।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পায়রা বন্দরের রাবনাবাদ মোহনার প্রথম বয়া থেকে ১৫ কিলোমিটার দূরে গভীর সাগরে এই ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, এমভি আরগো নামের জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেঁটে যায়। যার ফলে গভীর সমুদ্রের মাঝে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজে থাকা ১৪ জন নাবিক নিখোঁজের খবর পেয়ে তাদের উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড ও নৌ-বাহিনী সদস্যরা। নিখোঁজ এসব নাবিকেরা সবাই বয়ার ওপরে আশ্রয় নিয়েছিলেন। পরে নৌবাহিনী সদস্যরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনো পর্যন্ত জাহাজটির সন্ধান পাওয়া যায়নি।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম জানান, এই মুহূর্তে পায়রা বন্দরে পণ্য নিয়ে আসার অথবা এখান থেকে যাওয়ার কোনো জাহাজ নেই। এটি অন্য কোনো পর্যায়ের জাহাজ হতে পারে। এ বিষয়ে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য পারমর্শ দেন তিনি।

কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোন স্টাফ অফিসার অপারেশন মো. ওয়াসিম যুগান্তরকে বলেন, জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১৪ জন নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনী। এখনও পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটির সন্ধান পাওয়া যায়নি। জাহাজটি উদ্ধারের জন্য কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত নাবিকরা বর্তমানে গভীর সমুদ্রে নৌবাহিনীর জাহাজে আছে। কোস্টগার্ডের একদল সদস্য তাদেরকে রিসিভ করে আনার জন্য সাগরে যাচ্ছে।

আগেরামুর গর্জনিয়ায় এক উপজাতীর লাশ উদ্ধার
পরেদুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও