রামু প্রতিনিধিঃ
রামুতে জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূ হামলার শিকার হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত দেবী রানী নাথকে (৩৫) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দেবী রানী নাথ এর স্বামী শ্রীমন্ত দেবনাথ জানান, সম্প্রতি পাশর্^বর্তী শ্যাম লাল এর ছেলে মৃদুল নাথের নেতৃত্বে একটি ভূমিগ্রাসী চক্র তার বসত ভিটে জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। সোমবার সকালে তিনি বাড়ির বাইরে যাওয়ার পর মৃদুল নাথের নেতৃত্বে সন্ত্রাসীরা জমি জবর দখলের চেষ্টা চালায় এবং এসময় বাধা দেয়ায় তার স্ত্রী দেবী রানী নাথকে দেশীয় অস্ত্র ও লাটি-সোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারিদের বেদম প্রহারে দেবী রানীর মাথায় রক্তাক্ত জখম এবং দেহের বিভিন্ন স্থানে আঘাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। এসময় তাকে মৃত ভেবে হামলাকারিরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন দেবী রানী নাথকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তিনি আরো জানান, হামলায় মৃদুল দেবনাথ ছাড়াও মৃত বিরাজ চন্দ্র নাথের ছেলে রনজিত নাথ, মৃদুলের স্ত্রী সনজিতা নাথ, মন্টু নাথের স্ত্রী কমলা নাথ, মৃত শ্যাম লাল এর স্ত্রী বিজলী নাথ, প্রদীপ ধরের স্ত্রী ঝর্ণা ধরস হ আরো অজ্ঞাত ৬/৭ জন ভাড়াটে সন্ত্রাসী অংশ নেন।
এলাকাবাসী ভূমিগ্রাসী চক্র কর্তৃক নিরীহ গৃহবধূকে নির্মমভাবে প্রহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।













