পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোর দায়ে তোফাইল আহমদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকা থেকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন।
একইদিন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পর্ণোগ্রাফি আইনে পেকুয়া থানার একটি মামলা দায়ের করেন। আটক তোফাইল আহমদ টইটং ইউনিয়নের ভেলুয়ার পাড়া এলাকার আশরফুজ্জামানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী গত ৭ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে ইমুতে তিনি তার স্বামীর সাথে যোগাযোগ রাখতেন। কিছুদিন আগে ইমু সফটওয়্যারের মাধ্যমে কথা বলতে সমস্যা দেখা দিলে ওই নারীর প্রতিবেশী তোফাইল আহমদ তা সমাধান করে দেন। ওই সুযোগে তোফাইল আহমদ প্রবাসীর স্ত্রীর কিছু ছবি সেখান থেকে সরিয়ে নেন।
পরে ওইসব ছবি নগ্ন ছবির সাথে জুড়ে দিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করেন। এতে অস্বীকৃতি জানালে তোফাইল আহমদ ওই নারীর ইমু আইডিতে নগ্ন ছবি পাঠান। এসব নগ্ন ছবি সে ওই নারীর প্রবাসী স্বামী ও দেবরের কাছেও পাঠান।
এব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ‘ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী লিখিত অভিযোগ নিয়ে থানার আসলে, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়৷ একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত তোফাইল আহমদকে আটক করা হয়।’ তিনি আরো বলেন, ‘আটক তোফাইল আহমদকে আদালতে সোপর্দ করা হবে।’













