বিনোদন ডেস্কঃ
চার অক্টোবর মুক্তি পাবে ‘শাহেনশাহ’। এমন ঘোষণাই দিয়েছিলেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সে ঘোষণা অনুযায়ী ছবিটির প্রচার-প্রচারণাও শুরু হয়েছিলো।
গতকাল প্রযোজনা সংস্থা থেকে জানানো হলো ‘শাহেনশাহ’ ঘোষিত তারিখে মুক্তি পাচ্ছে না। শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’য় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। ছবিটির মুক্তি আটকে যাওয়া নিয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ চলতি বছরের মার্চ মাসে সেন্সর ছাড়পত্র পায় ‘শাহেনশাহ’। সেন্সর পাওয়ার পর একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও সিনেমাটি মুক্তি দিতে পারেনি প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। এবারও মুক্তির তারিখ পিছিয়ে দিলো।
বিষয়টি নিয়ে প্রযোজক সেলিম খান বলেন, দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিও কিছুটা অস্থিতিশীল। চারদিকে চলছে সরকারের শুদ্ধি অভিযান। ক্যাসিনো ইস্যুতে দেশের মানুষের মনযোগ এখন সে দিকেই। এ কারণেই এই ছবিটি এখন মুক্তি দিচ্ছিনা। কারণ এটি বিগ বাজেটের ছবি। এখন মুক্তি দিলে লোকসান গুনতে হতে পারে। তবে আগামী রোজার ঈদে ‘শাহেনশাহ’ মুক্তি দেয়ার কথা জানান সেলিম খান।













