লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট এলাকায় কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দায় রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আবু সুফিয়ান (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে স্কুলে আসলে বারন্দায় আবু সুফিয়ানের মৃতদেহ দেখে চিৎকার দেয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে লোহাগাড়া থানার (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষ করেন।
নিহতের ছোট ভাই আবু তালেব বলেন, তার ভাই শনিবার দুপুর পর্যন্তবাড়িতে ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাতব্যাপী অনেক খোঁজাখুজি হয়। স্থানীয়রা এ ঘটনাকে খুন বলে উল্লেখ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিন্তু খুনের কারণ জানা যায়নি।
লোহাগাড়া থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে ।
নিহত আবু সুফিয়ান ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।











