
প্রেস বিজ্ঞপ্তি
বুয়েটে নির্মমভাবে পিটিয়ে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐতিহ্যাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী, সংগঠন সচিব বিএম আমীর জিহাদী, ঢাকা মহানগর সভাপতি এহতেশামুল হক সাখী, সাধারণ সম্পাদক হামিদুল হক শরীফ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রিফাত হত্যাকাণ্ডের ক্ষত না শুকাতেই বর্ণনাতীত নির্মমতার শিকার হয়ে নৃশংসভাবে খুন হলেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। দেশের মেধাবীদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে আবরার ফাহাদের মতো একজন মেধাবী নিরহ শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় সকল মানবিক চেতনাবোধসম্পন্ন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
একের পর এক এরকম লোমহর্ষক, নৃশংস, নির্মম হত্যাকাণ্ডে জাতি স্তম্ভিত, মর্মাহত। সর্বোচ্চ মেধাবীদের শিক্ষালয়ে সর্বোচ্চ পাশবিক এ বর্বরতায় সকল বিবেকবান সকল মানুষই অশ্রুসিক্ত। নির্মমভাবে খুন, গুম ও অপহরণের তাণ্ডবলীলায় আজ দেশের উচ্চ শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তো নেই; বরং মানবিক মূল্যবোধও সেখানে চরমভাবে বিপন্ন। যা গোটা জাতিকে করেছে উদ্বিগ্ন, উৎকন্ঠিত।
এ সঙ্কট উত্তরণে অবিলম্বে আবরার হত্যায় জড়িত সকল সাম্রাজ্যবাদী মাস্তানদের ফাসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।













