
ককবসবাজার খবর ডেস্কঃ
ফেনী সদর উপজেলায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রবিউল হক মানিক। তিনি ফাজিলপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রি ছিলেন এবং ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য।
শুক্রবার সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে রবিউলের বাড়ির দরজায় তাকে কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ারপথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।











