
মহেশখালী প্রতিনিধি :
ঘুষ গ্রহণকালে মহেশখালী ভূমি অফিসের কাননগো আবদুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। ২৮ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে মহেশখালী ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই কাননগোর ব্যাগে সংরক্ষিত নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকৃত কাননগো দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কাননগোর হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দুদক চট্টগ্রাম-২ এর কর্মকর্তা গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম ও সহকারি পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে দুদকের একটিদল সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশখালী ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় ভূমি অফিসের ভারপ্রাপ্ত কাননগো আব্দুর রহমান প্রকাশ্যে অফিসের চেয়ারে বসে নামজারি ও খতিয়ান সহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম থেকে ঘুষ নিচ্ছিলেন। এসময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে ঘুম গ্রহনের নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।













