
কক্সবাজার খবর ডেস্কঃ
২০২০ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। তাবলিগের দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তাবলিগের দুই পক্ষের নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয় পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তাবলিগের এক গ্রুপের শ্যূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, অপর গ্রুপের শ্যূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসবেন না বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।













