পুঁজি বাজারে অব্যাহত দরপতনে কক্সবাজারে বিনিয়োগকারীদের মানববন্ধন

0
6

এম.এ আজিজ রাসেল
পুুঁজি বাজারে অব্যাহত দরপতনে দিশেহারা কক্সবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের বাজারঘাটায় পুঁজি বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে পুঁজি বাজারে ধ্বস নামতে শুরু করেছে। আগে যে শেয়ার ৭০০ টাকা ছিল বর্তমানে তা ২২ টাকায় নেমেছে। ৪০০ টাকার শেয়ার হয়েছে ১৫ টাকা। সর্বশেষ ৩ টাকা পর্যন্ত ঠেকেছে। এই অবস্থায় দেউলিয়া হয়ে গেছে অসংখ্য বিনিয়োগকারী। অনেকে আর্থিক অনটনে সমাজে মুখ দেখাতেও পারছে না। বিনিয়োগকারীরা নানা অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুললে দেখানো হয় পুলিশি ভয়। মানববন্ধনে বক্তারা দাবি বিভিন্ন দাবি পেশ করেন। দাবিগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুর্নীতিবাজ কমিশনারদের অপসারণ করে সৎ, মেধাবী ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুন:গঠন করতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ইস্যুমুল্যের নিচে অবস্থান করা শেয়ারগুলো নিজ নিজ কোম্পানিকে ইস্যুমুল্যে শেয়ার বাইব্যাক করতে হবে। পুঁজিবাজার স্থিতিশীলতার লক্ষ্যে আগামী সকল ধরণের আইপিও, রাইট শেয়ার ইস্যু বন্ধ করতে হবে। প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ করতে হবে। বুক বিল্ডিং পদ্ধতি, ডাইরেক্ট লিস্টিং পদ্ধতি বাতিল করতে হবে। শেয়ারের কোন বিভাজন করা যাবে না। ওটিসি মার্কেটে যে সকল কোম্পানি নিয়মিত এজিএম করে এবং ডিভিডেন্ড দেয় তাদেরকে মূল মার্কেটে ফেরত আনতে হবে। যে সকল কোম্পানি এজিএম করে না, কোম্পানি বন্ধ আছে, সেই সকল কোম্পানির সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে। পুঁজিবাজার উন্নয়নের স্বার্থে বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ এর নেতাকর্মী বিনিয়োগকারীদের ওপর গ্রেফতার, হামলা, গোয়েন্দা নজরদারী এবং মুচলেকা নেওয়াসহ সব রকমের হয়রানি বন্ধ করতে হবে।

 

মানবন্ধনে বক্তব্য রাখেন পুঁজি বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাশ, প্রচার সম্পাদক রাশেদ খান। এসময় উপস্থিত ছিলেন শামসুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, জিয়াউল হুদাসহ সংগঠনের সদস্যরা।

আগেসাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের মাতার ইন্তেকাল
পরেসৈকত ঝিনুক বহুমূখী সমবায় সমিতির নির্বাচনে অবৈধভাবে প্রার্থীতা বাতিলের অভিযোগ