
কক্সবাজার খবর ডেস্কঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবাহিতদের আমরণ অনশন কর্মসূচি চলছে।
বুধবার সকাল ১১টা থেকে কর্মসূচি চলছে। সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন।
সমস্যা সমাধানে চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
আন্দোলনরতদের মত, ছাত্রদলের রাজনীতি করার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও রাজপথের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের শুধু এই (বিবাহিত) অজুহাতে ছাত্রদলের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।
প্রায় সাড়ে তিন বছর পর গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।
দায়িত্ব পাওয়ার পরপরই তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। বিভিন্ন ইউনিট থেকে কমিটিতে রাখার ব্যাপারে কারা প্রাধান্য পেতে পারে সে ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন তারা।













