ইসলামাবাদে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে নির্মম নির্যাতন

0
5

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও

কক্সবাজার সদরের ইসলামাবাদে পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেদম মারধর করেছে দুর্বৃত্তরা। ১৩ নভেম্বর দুপুরে ইউনিয়নের আউলিয়াবাদে এ ঘটনা ঘটেছে। আহত উম্মে কুলসুম (৪০) কাঞ্চন মালার ঢালার দুয়ার এলাকার বাসিন্দা। জানা গেছে, পাওনা টাকার বিষয় নিয়ে স্থানীয় সৈয়দ আলম ভেদুর পুত্র টমটম চালক আব্দুর রহমান, আরেক টমটম চালক নুরুল হাকিম, নুরুল আমিনের স্ত্রী মিনোয়ারা ও তার মেয়ে আম্মুনি হঠাৎ লাঠিসোটা নিয়ে ঐ গৃহবধূর উপর হামলা চালায়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে ঈদগাঁওর একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মহিলা জানান, কি কারণে তার ওপর এভাবে বর্বর নির্যাতন চালানো হয়েছে তা তিনি জানেন না। তবে তার এক পুত্র ও অন্যান্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, তিন লক্ষ টাকার পাওনা টাকা কে কেন্দ্র করে তাকে এভাবে মারধর করা হয়। তবে লেনদেনের বিষয়টি তার সাথে নয়। এটি তার বড় পুত্র মুফতি মাহমুদুল হাসানের সাথে । স্থানীয় নুরুল আবসার জানান, অত্যন্ত অমানবিক ভাবে তাকে প্রহার করা হয়েছে। ঘটনাটি তার মতে খুবই নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। আহতের নিকটাত্মীয় তৈয়ব তাহের তানভীর ও মুফতি মোহাম্মদ ইউসুফ জানান, স্থানীয় সূত্রে তারা খবর পেয়েছেন যে, তাকে বাড়ি থেকে মারতে মারতে পার্শ্ববর্তী রাস্তায় নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা খুবই খারাপ হলে মারা গিয়েছেন মনে করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। দেখা গেছে, বয়োবৃদ্ধ এ মহিলার হাত,পা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ও স্পর্শকাতর জায়গায় জখমের বড় বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ রফিকুল ইসলাম বলেন, একসাথে ৪/৫ জন মিলে এলোপাতাড়ি মারধর করায় তার শরীরে তীব্র ব্যথাসহ গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ইউনিয়নটির প্রাক্তন চেয়ারম্যান নুরুল হক সওদাগর ঘটনাস্থলে গিয়ে আহতের প্রতি সমবেদনা প্রকাশ করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয়দের। অন্যদিকে রাতে এ রিপোর্ট লেখার সময় ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানান তার বোন পুত্র মুফতি মোহাম্মদ ইউসুফ। নিকটস্থ ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে বলেন, তিনি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান ক্রিকেটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিষয়টির ব্যাপারে কেউ তাকে জানাননি।

আগেরামুতে জমি জবর-দখলের উদ্দেশ্যে বসত বাড়িতে হামলাঃ আহত ৬
পরেইসরায়েলি বিমান হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত