
কক্সবাজার খবর ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। গাছের সঙ্গে ঝুলন্ত ছিল স্বামীর লাশ, আর স্ত্রীর মরদেহ পাশে পড়ে ছিল।
রোববার সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী জানান।
এরা হলেন-ওই এলাকারস্থানীয় সোহরাব গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৫০) ও তার স্ত্রী সোনাবানু (৩৫)।
নিহতের পরিবারের বরাতে পরিদর্শক বলেন, মান্নান ও সোনাবানু বাড়ি ছেড়ে দীর্ঘদিন কালিন্দী নদী সংলগ্ন কালিঞ্চী গ্রামে থাকতেন এবং সেখানে নদীতে জাল টেনে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি মান্নান তার স্ত্রী সোনাবানুকে নিয়ে জেলেখালীর বাড়িতে চলে আসেন।
সোনাবানু মান্নানের দ্বিতীয় স্ত্রী। তাদের সংসারে ১২ ও ১০ বছর বয়সী দুইটি ছেলেও রয়েছে। মান্নানের আগের বিয়ে নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।”
ইয়াসিন বলেন, “সকালে ঈদগাগের মাঠ থেকে সোনাবানু রক্তাক্ত দেহ এবং পাশ থেকে তার স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।”
পারিবারিক কলহের কারণে সোনাবানুকে কুপিয়ে হত্যার পর মান্নান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।













