কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধিদল

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে দুদিনের সফরে কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

একটি বেসরকারি ফ্লাইটে তারা বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের উদ্দেশে রওনা হন তারা। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলবেন।

প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে সেখানে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন ও কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী তাদের অভ্যর্থনা জানান।

মো. শামসুদ্দৌজা নয়ন সাংবাদিকদের জানান, দেশটির আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের ডিরেক্টর জেনারেল চ্যান অ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যর এ প্রতিনিধিদলটি বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলাপ-আলোচনা হবে। বৃহস্পতিবার তাদের হিন্দু শরণার্থীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

বৈঠকের শেষে বৃহস্পতিবার বিকালে ঢাকার উদ্দেশে তাদের কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

আগেএকটি ব্রিজের অভাবে ১০ হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ
পরেচকরিয়ায় অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি