
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির কৃতি সন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি’র দাফন সম্পন্ন হয়েছে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) জানাজা শেষে বিকাল ৫ টায় পশ্চিম চুনতি সিকদার পাড়াস্থ পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
এর পূর্বে শেষ শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালনসহ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে, বিউগলে করুন সুর বাজানো হয়।
এদিকে এর আগে দুপুর ১টা ৫১ মিনিটে ঢাকা থেকে ১ম জানাজা শেষে হেলিকপ্টার যোগে চুনতিতে আনা হয় সামরিক সচিবের মরদেহ । বাদ আছর বিকাল ৪ টায় চুনতি সীরত ময়দানে সামরিক সচিবের ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়।
জানাজায় ইমামতি করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা শাহ আলম।
জানাজায় চট্টগ্রাম জেলা প্রসাশক ইলিয়াস হোসেন,কক্সবাজার জেলা প্রসাশক কামাল উদ্দিন, চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রেফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দীন চৌধুরী, সিডিএ এর সাবেক চেয়ারম্যান আবদুচ সালাম, লোহাগাড়া উপজেলা পরিষেদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন, ইউএনও তৌসিফ আহমেদসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পশ্চিম পাশে সিকদার পাড়ায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদীন। পিতা মরহুম ইছহাক মিয়া ও মাতা মরহুমা মেহেরুন্নিছা।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।












