
হুমায়ূন রশিদ : টেকনাফ
টেকনাফের সাগর উপকূলীয় মহেশখালীয়া পাড়া পয়েন্ট দিয়ে খালাসের সময় ইয়াবা ও কাঠের নৌকাসহ স্থানীয় ৪জন মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড জওয়ানেরা।
১২মে দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ভোররাত ৪টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা মাদকের চালান খালাসের গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া ঘাটে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল সন্দেহজনক স্থানীয় নুর আহমদের পুত্র মোঃ হারুন (৩২), আলী আহমদের পুত্র নূর কবির (২৮), মৃত আব্দুল হাকিমের পুত্র শাহজালাল (১৮) এবং মোঃ সৈয়দের পুত্র আবু সুফিয়ান (২৮) মাঝিসহ নৌকা জব্দ করে। এসময় নৌকাটি তল্লাশী করে ২৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান,জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া উপকূল দিয়ে এখনো মাদকের চালান খালাস অব্যাহত রয়েছে। কতিপয় সুবিধাভোগীমহল মাদক কারবারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় এই সীমান্ত জনপদে মাদকের অপতৎপরতা থামানো যাচ্ছেনা।













