
নিজস্ব প্রতিবেদক, রামু
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে চাকুরী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুবিধাবঞ্চিত যুব সমাজের জন্য রামুতে সিএসও রিসোর্স সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) স্বপ্নপূরী রোডে স্বাস্থ্যবিধি মেনে
ইপসা- ইউএসএআইডি ইয়েস প্রকল্পের সিএসও রিসোর্স সেন্টার উদ্বোধন ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। বক্তব্য রাখেন ইপসা-ইউএসএইড ইয়েস প্রকল্প, কক্সবাজারের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. শাখাওয়াত উল্যাহ চৌধুরী, রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, রামু সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রোমেনা জাহান সিদ্দিকা, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মো. ছলিম উল্লাহ, ব্র্যাক এর শাখা ব্যবস্থাপক সজল কান্তি দাশ, রিক এর শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, ইয়েস প্রকল্পের ইকবাল হোসেন, তরুন বড়ুয়া প্রমূখ। উল্লেখ্য, ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন ( ইপসা) ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর, উখিয়া এবং টেকনাফ উপজেলায় ইয়েস প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবসমাজের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে চাকুরী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ইপসা কক্সবাজার জেলার চারটি উপজেলায় বিভিন্ন পেশার কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কমিউনিটি ভিত্তিক সিএসও রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করছে। সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে এবং সরাসরি নিম্নলিখিত টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ কোর্সসমূহে ১৪ থেকে ৩৫ বছর বয়সী নারী- পুরুষ আবেদন করতে পারবে। দীর্ঘ ( তিনমাস) মেয়াদী কোর্সসমূহ মাইক্রোসফট এক্সেল, গ্রাফিক্স ডিজাইন, হাউজ কিপিং, ফুড এন্ড বেভারেজ ( প্রোডাকশান/ সার্ভিস), মোবাইল ফোন রিপেয়ারিং এন্ড সার্ভিসেস, এসি এন্ড ফ্রিজ রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল (ওয়্যারিং), প্লাম্বিং ( পাইপ ফিটিংস)। এছাড়া স্বল্পমেয়াদী কোর্স পান চাষ
(১৫ দিন), হাঁসমুরগি পালন (১মাস), গরু মোটাতাজাকরণ (১ মাস), শুটকী প্রক্রিয়াকরণ (১৫ দিন), বাড়ির উঠানে এবং ছাদে সবজি চাষ ( ১ মাস)।













