
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে দুই যুবককে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার(২৯অক্টোবর) দুপুর সাড়ে ৩ টার দিকে রামু চৌমুহনী স্টেশন চত্বরে রামুর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামু ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক জিৎময় বড়ুয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো,রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, আজিজুল হক আজিজ, সাবেক ইউপি সদস্য লিটন বড়ুয়া, ব্যবসায়ী নেতা মোঃ সেলিম, ভুক্তভোগী টিপু বড়ুয়ার বন্ধু এসএসসি ব্যাচ-২০০৫ এর প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া প্রমূখ সহ বিভিন্ন স্তরের জনসাধারন মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় তিন দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুই দুইবার টিপু ও দিপক বড়ুয়া’র উপর হামলা হলেও এখনো কোন অভিযুক্তকে গ্রেফতার করতে না পারা কার্যত উদ্বেগজনক।
জানা যায় গত মঙ্গলবার রাতে মুছা ফিলিং স্টেশনস্থ টিপু বড়ুয়া নিজের মটর সার্ভিসিং এর দোকান বন্ধ করে আরেক সহযোগী দিপক বড়ুয়াসহ দ্বীপ শ্রীকুল বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে চৌমুহনী ভিক্টর প্লাজার সামনে গেলে সিএনজিযোগে পাঁচ-ছয় জন অজ্ঞাত লোক এসে মুহুর্তেই এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এর আগে গতমাসেও এই দুই যুবকের উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিলো।
মানবন্ধনে টিপু বড়ুয়া’র মা প্রকৃতা বড়ুয়া বলেন, আমার ছেলের উপর হামলাকারীদের বিচার চাই। বারবার হামলার কারণ কি তা দ্রুত বের করা হোক।
এদিকে মানবন্ধনে রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া বলেন, আমরা টিপু ও দিপক বড়ুয়া’র পরিবারের সাথে কথা বলে জানতে পারি পর পর দুইবার হামলা করেছে হামলার শিকার টিপু বড়ুয়া’র ভগ্নিপতি পুলিশ কনস্টেবল নিখিল বড়ুয়া। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
এসিড হামলার মূল অভিযুক্ত পুলিশ কনস্টেবল রামু উপজেলার হাজারীকুল গ্রামের মৃত প্রদীপ বড়ুয়া’র ছেলে নিখিল বড়ুয়া বর্তমানে সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে।
কনস্টেবল নিখিল বড়ুয়া’র বিরুদ্ধে আরও একাধিক প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ করেন টিপু বড়ুয়া’র পরিবার।

এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সদস্য নিখিল বড়ুয়া’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসিড হামলার ঘটনায় আমি জড়িত নয়।
এসিড হামলার ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে রামু থানার পরিদর্শক(তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, হামলার শিকার ভুক্তভোগী পরিবারেরর পক্ষ থেকে এজাহার হয়েছে। মামলা হবে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করতে হলে কর্তৃপক্ষের আদেশের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।













